রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৭ জনে। একই সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪ জন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৫৩ জন এবং ঢাকার বাইরের ৮৪১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন।
এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৫ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ৫২৪ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৯৯ হাজার ২৬৮ জন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ১২৪ জন।
গত ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ লাখ ৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৪ হাজার ৪৯৫ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৯৫ হাজার ৫৯৬ জন।