বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সময় কত দ্রুত চলে যায়। যেন কয়েক দিন আগের কথা, গ্যালারিতে বসে আর্জেন্টিনার খেলা দেখছেন আর নিজের আবেগ-অনুভূতিগুলো প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু তিনিই কিনা নেই আজ তিন বছর হয়ে গেল! ২০২০ সালের ২৫শে নভেম্বর সবাইকে স্তব্ধ করে দিয়ে অন্যলোকে পাড়ি জমান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।
ক্যারিয়ারের সেরা সময়টা ম্যারাডোনা পার করেছেন ইতালির নেপলস শহরে। সেখানকার ক্লাব নাপোলিকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। নেপলসে ম্যারাডোনার জনপ্রিয়তা ঠিক কতটা ছিল তার নমুনা দেখা গিয়েছিল ১৯৯০ এর বিশ্বকাপে। সেবার বিশ্বকাপ ফাইনালে ইতালির মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের ভেন্যু নেপলস। কিন্তু সেদিন শহরের মানুষ নিজের দেশকে বাদ দিয়ে গলা ফাটিয়েছিল আর্জেন্টিনার জন্য। কারণটা সেই ম্যারাডোনা। আজও এই শহরে ডিয়েগো নামটা উচ্চারিত হয় ঈশ্বরের সমান শ্রদ্ধা আর সম্মান দিয়ে।
৯০ এর বিশ্বকাপ অবশ্য জেতা হয়নি ম্যারাডোনার। জিতেছিলেন ১৯৮৬ বিশ্বকাপ। ওই এক বিশ্বকাপ দিয়েই হয়ত আজীবন স্মরণ করা যায় ম্যারাডোনাকে। ইতিহাসের সবচেয়ে আলোচিত দুই গোল করেছিলেন ওই এক আসরে, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে করেছিলেন ‘হ্যান্ড অভ গড’ আর ‘গোল অভ দ্য সেঞ্চুরি’র মত দুই গোল। প্রথমটা যতখানি নিন্দিত, পরেরটা ঠিক ততখানিই নন্দিত।
সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের মৃত্যুর আজ তিন বছর। এত দিন পরেও ফুটবল বিশ্বে প্রতিনিয়ত শোনা যায় ম্যারাডোনার নাম।