বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সেই ঐতিহাসিক মুহূর্ত এসে গেলো উগান্ডার ক্রিকেট ইতিহাসে। পূর্ব আফ্রিকার ‘ক্রেনস’দের দেখা যাবে বৈশ্বিক টি-টোয়েন্টির সর্বোচ্চ আসর বিশ্বকাপে। বাছাইপর্বের শেষ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে দিয়ে নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা।
উগান্ডার হয়ে চমৎকার বোলিংয়ে দুটি করে উইকেট নেন আল্পেশ রামজানি, দীনেশ নাকরানি, হেনরি সেনয়োন্দো ও ব্রাইন মাসাবা। রুয়ান্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুইজন যেতে পারেন দুই অংকে। একটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ১৯ রান করেন এরিক দুসিনগিজিমানা। ১১ রান করেছেন মোহাম্মদ নাদির।
সাত দেশের অংশগ্রহণে বিশ্বকাপ বাছাইয়ের আফ্রিকা অঞ্চলের এ প্রতিযোগিতায় ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে উগান্ডা। আসরে শুধু নামিবিয়ার কাছে হার মানে ক্রেনসরা। অবশ্য চমক লাগিয়ে হারিয়ে দেয় জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো পরিচিত মুখগুলোকে। উগান্ডার আনন্দের দিনে কপাল পুড়েছে জিম্বাবুয়ের। আসন্ন টি২০ বিশ্বকাপে অংশ নিতে পারবে না দেশটি।