শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ (এসইজেড) বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কসোভোর বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন প্রেস ব্রিফিং করেন।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশ ও কসোভোর মধ্যে সহযোগিতা এবং বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দুদেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় বাংলাদেশ ও কসোভোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।