রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের সিনেমায় অভিনয় করছেন শবনম বুবলি। এরই মধ্যে শেষ হয়েছে প্রথম পর্বের দৃশ্যায়ন। এ খবর দিয়েছে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আজকাল।
থ্রিলারধর্মী এ ছবির কেন্দ্রে আছেন এক লেখক। সেই ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে আছেন আলোচিত অভিনেতা সৌরভ দাস। যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ঢাকার রাশেদ রাহা।
মঞ্চের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। অনেক দিন ধরে রঙ্গমঞ্চের বাইরে আছেন তিনি। মাঝে মাঝে এখনো অভিনয় করেন, তবে বাস্তবে। অন্যদিকে ডিকে এক ভবঘুরে, কোথাও তার স্থায়ী ঠিকানা নেই। এ দুজনের সঙ্গে ঘটনাচক্রে দেখা হয় চিত্রপরিচালক শ্বেতার।
পাহাড়ের প্রেক্ষাপটে এ তিনজন চরিত্রে গল্প ‘ফ্ল্যাশব্যাক’। ছবিতে ‘অঞ্জন’ কৌশিক গঙ্গোপাধ্যায়, ‘ডিকে’ সৌরভ দাস ও ‘পরিচালক’-এর ভূমিকায় শবনম বুবলি।
এর মধ্যেই কলকাতার বিভিন্ন অংশে শুট করে ফেলেছেন তিন তারকা। নতুন সপ্তাহে পুরো টিম পৌঁছে যাবে নতুন লোকেশনে। সেখানে হাড় কাঁপানো ঠাণ্ডা ও ঘন কুয়াশার জালে বোনা হবে গল্পের ক্লাইম্যাক্স।
পরিচালক রাশেদ রাহা বলেন, অঞ্জন চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। তার বিসর্জন, বিজয়া দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একইভাবে কৌশিকদা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলি অসাধারণ।
রাশেদ রাহার সঙ্গে এ ছবির কাহিনি লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। আগামী মাসে ‘ফ্ল্যাশব্যাক’-এর পোস্ট প্রোডাকশন শুরু হবে।