শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ছুটির দিনে জমজমাট এসএমই মেলা

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : আগের দিন লোকের সমাগম না থাকলেও তৃতীয় দিনে দেশি পণ্য নিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসএসই মেলা জমে উঠেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেলায় ক্রেতা ও দর্শনার্থীর ভীড় বাড়ায় সন্তোষ প্রকাশ করেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

বিক্রেতারা আশা করছেন, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা ও বিক্রির হার তত বাড়বে।

শুক্রবার দুপুরে মেলায় ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবারের তুলনায় ক্রেতা ও দর্শনার্থী বেড়েছে। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পণ্য সম্পর্কে খোঁজ নিচ্ছেন আগতরা, কেউ পণ‌্য কিনছেন, আগাম ফরমায়েশও দিচ্ছেন অনেক। এনিয়ে বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন।

সাজবাতি নামে পোশাক বিক্রেতার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাজমুন নাহার সুইটি বলেন, গত দুই দিনের তুলনায় আজ লোকজন বেশি এবং বিক্রিও ভালো হচ্ছে। তবে অনেকে পোশাক পছন্দ করে যাচ্ছেন। মেলার শেষ দিকে বিক্রি আরো বাড়বে।

পোড়া মাটির নকশা ঘরের মালিক আবুল কালাম মিয়া বলেন, ‘ব্যতিক্রমধর্মী সব মাটির তৈজষপত্র মেলায় নিয়ে এসেছি। ক্রেতারা পছন্দ করছেন। অনেকে কিনে নিয়ে যাচ্ছেন। পাইকারি বিক্রিরও অনেক অর্ডার পাচ্ছি। অনেকে কারখানা ঘুরে দেখে অর্ডার দেবে বলছে। আজ অন্য দিনের তুলনায় বিক্রি ভালই হচ্ছে।’

রাজশাহী থেকে এসেছে কনিকা সু ফ্যাক্টরি। আসল চামড়া দিয়ে তারা জুতা, ব্যাগসহ নানান পণ্য তৈরি করে। প্রতিষ্ঠানটির মালিক সোহেল রানাও বিক্রি ভালো হচ্ছে বলে জানান।

কাজল বুটিকসের এক কর্মচারি জানান, দেশীয় পণ্য কিনতে ক্রেতাদের আগ্রহ রয়েছে। তবে মেলার শেষ দিকে বিক্রি আরো বাড়বে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএমই মেলার উদ্বোধন করেন। ১২ মার্চ পর্যন্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com