শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ব্যাংকিং খাতে অনিয়ম একটি কালো দিক: পরিকল্পনামন্ত্রী

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ব্যাংকিং খাতে সীমাহীন অনিয়মের কথা স্বীকার করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অবকাঠামো, প্রবৃদ্ধি, বিদ‌্যুৎসহ নানা খাতে উন্নয়ন হলেও এ খাত দেশের জন‌্য এক কালো দিক।

শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কমিশন গঠন নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অবকাঠামোগত উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, ঘরে ঘরে বিদ্যুৎ, স্বাক্ষরতার হার বৃদ্ধিসহ আর্থসমাজিক খাতে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হলেও ব্যাংকিং খাতের অনিয়ম আমাদের জন্য একটি কালো দিক। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ‌্যাকাউন্টিং অ‌্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী ও অ‌্যাকাউন্টিং অ্যালামনাই সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, খেলাপি ঋণ আদায়ে সরকার আপোষহীন। তবে সরকার ইচ্ছা করলেই প্রক্রিয়াগত কারণে দ্রুতগতিতে খেলাপি ঋণ আদায় করতে পারবে না। ব্যাংকিং খাতের আত্মসাতের টাকা আদায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হলেও এটি একটি জটিল প্রক্রিয়া। তবে প্রচলিত আইনে দ্রুত বিচারের মাধ্যমে এমন অর্থ আদায়ের চিন্তা-ভাবনা সরকারের আছে।

এম. এ. মান্নান বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমরা গর্ববোধ করলেও ব্যাংকিং খাতের চালচিত্র নিয়ে আমরা গর্ববোধ করি না। প্রবৃদ্ধি হচ্ছে, উন্নয়ন হচ্ছে আবার লুটপাটও হচ্ছে। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ‌্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গ্র্যান্ড ফাইনালে বিজয় নিশান দলকে পরাজিত করে উত্তাল মার্চ দল চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ‌্যাকাউন্টিং অ‌্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আল আমিন, প্রফেশনাল অ‌্যাকাউন্টেন্ট আবুল বশির খান, এফসিএমএ, সাংবাদিক দৌলত আক্তার মালা, নারী উদ্যোক্তা সানজিদা আক্তার খানম, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে যথাক্রমে নগদ ১ লক্ষ ও ৫০ হাজার টাকাসহ ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com