শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন: ব্যাংকের নিরাপত্তা জোরদারের নির্দেশ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োগ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন, ব্যবহারবিষয়ক নীতিমালা মেনে চলার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এ বিষয়ে গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে নিরাপত্তার জন্য অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করতে হবে। ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া ভল্টের নিরাপত্তাসহ অন্যান্য খাতেও পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। ব্যাংকের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনাও রয়েছে।

ব্যাংক চলাকালীন ও অন্য সময়ও সিসি ক্যামেরায় তথ্য সংরক্ষণ করার নির্দেশনা দেয়া আছে। যাতে কোনো ব্যাংকে কোনো অঘটন ঘটলে সিসি ক্যামেরার রেকর্ড দেখে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com