শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নেপালগামী সব ফ্লাইট বাতিল করল বিমান বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নেপালগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ।

এর আগে দেশটিতে ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ করা হয়েছিল।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন, ‘অন অ্যারাইভাল ভিসা বন্ধ করায় ১৫ ও ১৭ মার্চ নেপালগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। তবে আটকেপড়াদের আনতে ১৯ মার্চ ফ্লাইট চলাচল করবে।’

করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সব স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ করে শুধু ত্রিভুবন বিমানবন্দর দিয়ে দেশটি প্রবেশের সুযোগ রেখেছে নেপাল।

তবে সেক্ষেত্রে কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে।

শুক্রবার নেপালের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালের ভিসা নিয়ে কোনো বিদেশি সেখানে গেলে তাকে সর্বোচ্চ সাত দিন আগের স্বাস্থ্য পরীক্ষার (পিসিআর) সনদ নিয়ে যেতে হবে এবং ত্রিভুবন বিমানবন্দরে ইমিগ্রেশনে সেই সনদ দেখাতে হবে।

এছাড়া ১৪ মার্চ থেকে নেপালে যাওয়া সব বিদেশি এবং নন-রেসিডেন্ট নেপালিদের ‘সেলফ কোয়ারেন্টিন’ ও ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে হবে বলেও নির্দেশনা দেয় হয়।

যে কারণে ১৪ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মাউন্ট এভারেস্টে আরোহন বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে দেশটি।

নেপালে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছে। সীমান্তবর্তী দেশ ভারতে ৭০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্তের খবরের পরপরই এমন সিদ্ধান্ত নেয় দেশটি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে ১৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪২ হাজার ৭৮৩ জন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৪ জন ছাড়িয়েছে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৯২০ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com