শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৭৩ লাখ ৯৯ হাজার ২৬৬ টাকার চেক হস্তান্তর করেছে বাটা সু কোম্পানি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের কাছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চিটপান কানহাসিরি লভ্যাংশের অংশের চেক হস্তান্তর করেন।
কোম্পানিটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এখন পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকা দিয়েছে। বাটা সুসহ দেশি-বিদেশি এবং বহুজাতিক মোট ১৬৪ কোম্পানি এ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ নিয়মিত দিয়ে আসছে। এ পর্যন্ত তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে চারশ ১০ কোটি টাকারও বেশি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ. কে.এম মিজানুর রহমান, বাটা সু কোম্পানির রিটেইল ডিরেক্টর অমিতাভ নন্দি, জেনারেল ম্যানেজার এইচআর মালিক মেহেদী কবির এবং হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর