শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে টানা চার দিন দরপতনের পর সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন আনার দিন মাত্র আধাঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ৩৭১ পয়েন্ট বা ১০ শতাংশের বেশি বেড়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় বৃহস্পতিবার সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন আনা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, আজ যেকোনো কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয় ৫ কার্যদিবসের গড় দর দিয়ে। আর ওই দরের নিচে শেয়ারের দর নামতে পারবে না। তবে শেয়ার দর বৃদ্ধির ক্ষেত্রে আগের সীমা অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার বিএসইসির এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে।
সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন আনতে গিয়ে বৃহস্পতিবার তিন দফা সময় পিছিয়ে লেনদেন শুরু হয় দুপু্র ২টায়; চলে মাত্র আধা ঘণ্টা।
বেলা আড়াইটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয় প্রধান সূচক ডিএসইএক্স এর ঘরে ৩৯৭৪ পয়েন্ট নিয়ে যা, আগের দিনের চেয়ে ৩৭১ পয়েন্ট বা ১০.২৯ শতাংশ বেশি। ২০১৩ সালের জানুয়ারিতে ডিএসইর নতুন সূচক চালু হওয়ার পর এটাই সবচেয়ে বড় উত্থান।
এর আগে সূচকে সর্বোচ্চ বৃদ্ধির ঘটনা ছিল চলতি বছরের ১৯ জানুয়ারির। সেদিন ডিএসইএক্স ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে গিয়েছিল।
বৃহস্পতিবার অল্প সময়ের ওই লেনদেনে ঢাকার বাজারে ৪৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১৪১টির দাম বাড়ে, কমে ৪৯টির। তবে ১৫২টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
দেশের পুঁজিবাজারে আস্থার সংকটের মধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারিতে আতঙ্ক শুরু হলে পুঁজিবাজারে নতুন করে ধস নামে। বুধবার পর্যন্ত চার কার্যদিবসে ডিএসইএক্স কমে যায় প্রায় ৬২৮ পয়েন্ট বা ১৪ দশমিক ৮৩ শতাংশ।
এই পরিস্থিতিতে ক্ষতি কমানোর চেষ্টায় বুধবার রাতে দেশের দুই শেয়ারবাজারে লেনদেনের সময় ১ ঘণ্টা কমিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়। জানানো হয়, নতুন সূচিতে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
কিন্তু বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে লেনদেন শুরু না করে তিন দফা সময় পেছানোর পর তৈরি হয় বিভ্রান্তি। প্রথমে বেলা সাড়ে ১১টা, পরে বেলা ১টা এবং এরপর আবার পিছিয়ে বেলা ২টায় লেনদেন শুরুর সিদ্ধান্ত জানানো হয়।
অনিবার্য কারণে লেনদেন বিলম্বিত হয় বলে জানায় ডিএসই।
নগরকন্ঠ.কম/এআর