শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস আতঙ্কের সুযোগ নিয়েছে অসাধু ব্যবসায়ীরা। তারা দাম বাড়িয়ে দিয়েছে নিত্যপন্যের। এ অবস্থায় পুরান ঢাকার লালবাগে এক অসাধু পাইকারি চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে লালবাগ কেল্লার মোড়ে অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীর দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানের সময় এক নারী অভিযোগ করেন, তার কাছে বিশ্বাস ব্রান্ডের একটি মিনিকেট চালের বস্তা ২৭৫০ টাকা দরে বিক্রি করেছে ওই ব্যবসায়ী।
তবে ওই ব্যবসায়ী ২৫৫০ টাকা দরে ওই চাল কিনেছিলেন বলে দাবি করলেও তিনি কোনো ভাউচার দেখাতে পারেননি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘পরিস্থিতির সুযোগ নিয়ে বিনা কারণে এ ধরনের মূল্যবৃদ্ধি এক ধরনের ডাকাতি। আমরা তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করলাম এবং দোকানটি সিলগালা করে দিলাম। এটি অন্যান্য অসাধু ব্যবসায়ীদের প্রতি একটি কড়া বার্তা।’
নগরকন্ঠ.কম/এআর