শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

৩ শতাংশে নামতে পারে দেশের প্রবৃদ্ধি

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস মহামারীর প্রকোপ অব্যাহত থাকায় বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। রবিবার সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও লকডাউন জারি করা হয়েছে। এতে থমকে গেছে দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড। পাশপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদেশে থাকা বহু শ্রমিক ফিরে এসেছেন। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রবৃদ্ধি ১.৮ শতাংশ থেকে ২.৮ শতাংশে নামতে পারে। বাংলাদেশের প্রবৃদ্ধিও ৩ শতাংশে নেমে আসতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, করোনা মহামারীর বিস্তার ও স্থায়িত্বের উপর এই অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি নির্ভর করবে। আপাতত গত ৭ এপ্রিল পর্যন্ত সরকারি তথ্যের ভিত্তিতে এই তথ্য দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

এ বিষয়ে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হার্টউয়িগ স্ক্যাফার বলেন, এ অবস্থায় দক্ষিণএশিয়ার সকল সরকারকে এই ভাইরাস থেকে জনগণকে রক্ষার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। বিশেষত যারা গরীব এবং চিকিৎসা করানোর সামর্থ নেই।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভূটানের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমলেও অর্থনৈতিক মন্দায় ভুগতে পারে পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপ ।

এমন পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট কাটাতে দক্ষিণ এশিয়ার সরকারদের প্রবাসীদের জন্য বেশি প্রণোদনা এবং অর্থ বরাদ্দ দেয়ার আহ্বান জানায় বিশ্বব্যাংক। এছাড়া দেশগুলোর অন্যান্য খাতেও বেশি করে সরকারি অর্থ বরাদ্দ দেয়ার জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়।

পুরো দক্ষিণ এশিয়াতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৮০ হাজার ১৪ জন। মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৭ জন। রয়টার্স।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com