শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

করোনা আক্রান্ত ব্যক্তিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর পুঠিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওলিউজ্জামান।

শুধু ফুল নয়, চাল-ডালসহ ৩১ পদের প্রয়োজনীয় দ্রব্যাদি তার বাড়িতে দিয়ে তাকে নববর্ষের শুভেচ্ছা জানান ইউএনও। সেগুলো আক্রান্ত ব্যক্তির বাড়ির দরজায় রেখে আসেন তিনি।

আক্রান্ত ব্যক্তির বাড়ি পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নে। প্রায় ৫০ বছর বয়সী এই ব্যক্তি ঢাকার শ্যামলীর একটি দোকানে কাজ করতেন। হালকা জ্বর ও সর্দি নিয়ে সম্প্রতি তিনি গ্রামে আসেন।

গত রোববার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। এরপর আক্রান্ত ব্যক্তিরসহ এলাকার ৪৩টি বাড়ি ও প্রতিষ্ঠান লকডাউন করা হয়।

এরই মধ্যে বাংলা নববর্ষের দিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও মো. ওলিউজ্জামান আক্রান্ত ব্যক্তির বাড়ির সামনে যান। উপহার হিসেবে দরজার সামনে রেখে দেন চাল, ডাল, শাক-সবজি, তেল, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, মুড়ি, চিড়া, খেজুর গুড়, নতুন গামছাসহ ৩১ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

তিনটি ডালিতে সাজিয়ে এসব নিয়ে যাওয়া হয়। ব্যাগে ছিল চাল-ডাল। ব্যাগের ওপরে কাগজে লেখা ছিল- ‘শুভ নববর্ষ-১৪২৭। শুভেচ্ছান্তে- মো. ওলিউজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী।

বাড়ির সামনে থেকে ইউএনও মোবাইল ফোনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে কথাও বলেন। জানান বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভয় না পেয়ে তাকে মানসিক সাহসী হবার পরামর্শ দেন। বলেন, উপজেলা প্রশাসন তার পাশেই আছে।

ইউএনও মো. ওলিউজ্জামান বলেন, যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী এবার পয়লা বৈশাখে কোনো ধরনের উৎসব করার সুযোগ নেই, কিন্তু এটা তো অবশ্যই বাঙালির কাছে বিশেষ একটা দিন। সেই দিনে আক্রান্ত ব্যক্তিরও আনন্দ-উৎসব করার কথা ছিল। কিন্তু এই দিনটা তার কাটছে হতাশায়। তাই সাহস দেয়ার জন্যই গিয়েছি।

তিনি বলেন, ওই ব্যক্তি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পরই আমরা বাড়িটি লকডাউন করি। তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। তারপরেও মানসিক শক্তি জোগানোর জন্য আবারও উপহারসামগ্রী নিয়ে গিয়েছি। খারাপ সময় কাটিয়ে যেন পুরো বছরটা তার ভালো কাটে সেই প্রত্যাশা করেছি।

পুঠিয়ার এই ব্যক্তি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম করোনা আক্রান্ত কোনো ব্যক্তি। তিনি শনাক্ত হওয়ার পরের দিন রাজশাহীর বাগমারা উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত আরেক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হলেও দুজনেরই শারীরিক অবস্থা ভালো। তাই বাড়িতেই তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com