শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

মেঘনায় ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁদপুরে মেঘনা নদীতে প্রায় ১০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে এ বিশালাকার মাছটি বিক্রির জন্য তোলা হয়।

শহরের বড় স্টেশন মাদ্রাসা রোড এলাকার জেলে মো. আবুল বাশারের জালে মাছটি ধরা পড়েছে।

তিনি বলেন, ‘মাছটি আমি ৪০ হাজার টাকায় বিক্রি করেছি। চাঁদপুর লকডাউন না হলে হয়তো এটি ১ লাখ টাকায় বেচতে পারতাম।’

স্থানীয় জেলেরা জানান, এই বৃত্তাকার বিশাল মাছটির লম্বা ও শক্ত লেজ আছে। গায়ের রং কালচে। বিকেলে মাছটি মাছ ঘাটে তোলা হলে তা দেখতে শত শত লোক ভিড় করে। একে অনেকে ‘হাউস’ মাছ বলে জানালেও এটি মূলত ‘শাপলা পাতা’ মাছ।

আড়তদার মো. কালাম গাজী জানান, এ মাছগুলো বিরল প্রজাতির। এরা সাধারণত নদী ও সাগরের মিলনস্থলে থাকে। বড় বড় নদীতে কয়েক প্রজাতির এমন মাছ আছে, তবে তা পরিমাণে খুবই কম।

তিনি আরো বলেন, ‘মাছটির বয়স আনুমানিক ৬-৭ বছর। আমরা এটি ১৩০ টাকা কেজি দরে বিক্রি করতে চেয়েছিলাম। তবে তার আগেই একজন এসে এটি ৪০ হাজার টাকায় কিনেছেন। এটি পাইকাররা প্রতি কেজি ২৫০-৩০০ টাকা বা তার বেশি দামে কেটে কেটে বিক্রি করবে।’

এ মাছটি কিনেছেন মুনছুর আহমেদ নামের এক ব্যবসায়ী। তিনি জানান, লকডাউন না হলে মাছটির দাম আরো বেশি হতো। এটি পিকআপ ভ্যানে করে নারায়ণগঞ্জের আড়তদারের কাছে পাঠিয়েছি।

চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ জানান, মাছটির ইংরেজি নাম স্টিংরে। বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। এ মাছগুলো নদী ও সাগরের সঙ্গমস্থলে থাকে। এ দেশের বড় নদীগুলোতেও এদের ১২ থেকে ১৩টি প্রজাতি রয়েছে। স্থানীয়ভাবে একে শাপলা পাতা, শাকুশ, হাউস পাতা মাছও বলে থাকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com