শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

কৃষিপণ্য পরিবহনে ফ্রি সার্ভিস ‘কৃষক বন্ধু ডাক সেবা’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লকডাউনে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ঢাকায় পাইকারি বাজারে বিনা মাশুলে পৌঁছে দিতে ‘কৃষক বন্ধু ডাক সেবা’ নামে একটি সার্ভিস চালু করেছে ডাক অধিদপ্তর। প্রাথমিকভাবে মানিকগঞ্জ জেলার কৃষকদের উৎপাদিত শাকসবজি বিনা মাশুলে পরিবহনের মধ্য দিয়ে এ সেবাটি চালু করা হয়।

শনিবার (৯ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকায় বেইলি রোডে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার থেকে কৃষকবন্ধু ডাক সেবার উদ্বোধন করেন।

মন্ত্রী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন বক্তব্যে বলেন, এ সেবার আওতায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কৃষক ঘরে বসেই তার বিক্রয়লব্ধ পণ্যের টাকা পেয়ে যাবেন। এর ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। দেশব্যাপী ডাক পরিবহনে ব্যবহৃত রাজধানী ফেরৎ ডাক অধিদপ্তরের গাড়িগুলো কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে। এতে সরকারের অতিরিক্ত কোনো খরচেরও প্রয়োজন হবে না। পর্যায়ক্রমে সারাদেশে এ সেবা চালু করা হবে।

সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও কনফারেন্সিংয়ে অপরপ্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক বিভাগের পরিচালক এসএম হারুনুর রশিদ। অনুষ্ঠানে ঢাকা থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত ছিলেন।

মন্ত্রী কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের কৃষি উৎপাদনকে সচল ও সজিব রাখতে এবং কৃষি উৎপাদনের মধ্য দিয়ে দেশে যাতে খাদ্য সংকট না হয় সেজন্য এ খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ডাক বিভাগের পক্ষ থেকে আমরা এ অভিপ্রায় বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। আমরা উপলব্ধি করছি যে লকডাউনে যানবাহন চলাচল বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে তারা সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় রয়েছেন। কৃষক পণ্য উৎপাদন করছে, কিন্তু এ পণ্য বাজারজাত করতে পারছেন না। শাকসবজি পচনশীল পণ্য দীর্ঘ দিন ধরেও রাখা যায় না।

মন্ত্রী আরো বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিদ্যমান সংকটে বিনা মাশুলে রাজধানী ঢাকায় পণ্য পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার আমরা চেষ্টা করছি।

ঝিটকা বাজার থেকে ফ্রি সার্ভিসের আওতায় প্রথম দিন ১২শ কেজি পেঁয়াজ, ৬০ কেজি কাঁচামরিচ, ৮০ কেজি বেগুন, ৬০ কেজি করলা, ৬০ কেজি চিচিংগা, ৬০ কেজি ঝিংগা, ৬০ কেজি ঢেঁড়শ, ১২০ কেজি শসা এবং ১৮০টি মিষ্টি কুমড়া নিয়ে কৃষক বন্ধু ডাক সেবার গাড়ি ঢাকার উদ্দেশে সকাল ১০টায় যাত্রা শুরু করে। এ সব কৃষিপণ্য গাবতলী কৃষিবাজার এবং মিনাবাজার ধানমন্ডিতে পৌঁছে দেওয়া হবে। মিনাবাজার, চালডাল এবং পার্কিং বাজার কৃষকদের এ সব পণ্য ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সরাসরি ক্রয় করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com