শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

করোনা: জীবাণুনাশক ব্লিচ উৎপাদন করছে কর্ণফুলী পেপার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের করোনা পরিস্থিতিতে কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে জীবাণুনাশক ব্লিচ উৎপাদন শুরু করছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)। উৎপাদিত জীবাণুনাশক ব্লিচে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানকেও সরবরাহ করা হবে।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে কেপিএম’কে নির্দেশনা দেওয়ার পরিপ্রেক্ষিতে কারখানাটি এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

কেপিএম সূত্রে জানা যায়, জীবাণুনাশক ব্লিচ উৎপাদনের জন্য ১৫ এপ্রিল থেকে কারখানাটির অব্যবহৃত ব্লিচ উৎপাদনের প্লান্টটির সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল রক্ষণাবেক্ষণের কার্যক্রম শুরু হয় এবং ৩০ এপ্রিল এক ব্যাচে এক টন ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের ব্লিচ লিকার উৎপাদন করা হয়। প্ল্যান্টটিতে আগে পাল্প সাদা করার জন্য ব্লিচ উৎপাদন করা হতো।

বিসিআইসি সূত্র জানায়, ২০১৭ সালের শুরুতে কারিগরি সমস্যার কারণে ব্লিচিং প্ল্যান্ট, কেমিক্যাল রিকোভারি ও ব্লিচিং টাওয়ারের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে ব্লিচ প্রিপারেশন প্ল্যান্টের উৎপাদন কার্যক্রমও স্থগিত রাখা হয়। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের পাল্প মিলসে উৎপাদিত পাল্প সাদা করার জন্য ক্যালসিয়াম হাইপোক্লোরাইটের ব্লিচ ব্যবহার করা হয়।

কেপিএম’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. এম এম এ কাদের বলেন, কর্ণফুলী পেপার মিলস বর্তমানে আমদানিকৃত পাল্প ও রিসাইকেল পেপার থেকে কাগজ উৎপাদন করছে।

ড. কাদের আরও বলেন, স্থানীয়ভাবে কাগজ উৎপাদনের কাঁচামাল কাঠের সরবরাহ নিশ্চিত করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজস্ব বীজতলায় উৎপাদিত চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী জুলাই থেকে আরও দেড় লাখ গাছের চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com