শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন মৎস্যজীবীদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।
এর জন্য ৮৮৯ দশমিক ৯৬ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
কাপ্তাই হ্রদের তীরবর্তী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ১০টি উপজেলার ২২ হাজার ২৪৯টি জেলে পরিবারের জন্য এই বরাদ্দ দেওয়া হয়। এর আওতায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে মে ও জুন মাসে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
১৩ মে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
ভিজিএফ চাল আগামী ১০ জুনের মধ্যে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এই চাল দেওয়া যাবে না মর্মেও বরাদ্দ আদেশে নির্দেশনা রয়েছে।
বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো রাঙামাটি জেলার সদর, লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও দিঘীনালা।
প্রতিবছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে ধরা নিষিদ্ধ। চলতি অর্থবছরে মে-জুন দুই মাসের জন্য সরকার সংশ্লিষ্ট জেলার মৎস্যজীবীদের মানবিক সহায়তা দিচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর