শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বিশেষ ব্যবস্থায় মঙ্গলবার উন্নয়ন ব্যয়ের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী ২০২০-২১ অর্থবছরের একটি গুরুত্বপূর্ণ অংশ উন্নয়ন ব্যয় বিশেষ ব্যবস্থায় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় মঙ্গলবার (১৯ মে) অনুমোদন দেয়া হবে।

সোমবার (১৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাহেদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এর মাধ্যমে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ উন্নয়ন ব্যয় কাল বিশেষ ব্যবস্থায় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সভায় অনুমোদন দেয়া হবে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রতিবছর এপ্রিলের শেষ অথবা মে মাসের প্রথম সপ্তাহে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হতো। তবে এবার করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেবেন এবং মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা থাকবেন সম্মেলন কক্ষে।

জানা গেছে, পরিবহন ও বিদ্যুৎখাতকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এনইসির সভায় উপস্থাপন করবে। করোনাভাইরাসের কারণে সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধারে এডিপির আকার চলতি অর্থবছরের সংশোধিত ব্যয় থেকে ৬ দশমিক ৩৩ শতাংশ বাড়ছে। চলতি অর্থবছরের সংশোধিত এডিপি ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com