শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শুক্র ও শনিবার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পবিত্র ইদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল ক্রয়ের জন্য শিল্প এলাকায় আগামী শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ মে ) তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইটসুপার ভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের লক্ষ্যে শিল্প এলাকায় আগামী শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা রাখতে হবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২২ ও ২৩ মে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ব্যাংক খোলা রাখার জন্য বলা হয়েছে।

আগামী ২২ মে শুক্রবার ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ১টা পর্যন্ত খোলা রাখবে।

২৩ মে শনিবার ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামায়ের বিরতি থাকবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রমের জন্য বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com