শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যাংক কর্মকর্তার মৃতদেহ ১৮ ঘন্টা পর শুক্রবার (২৯ মে) সকালে উদ্ধার হয়েছে।

রাফসান (৩০) নামের এই ব্যাংক কর্মকর্তা বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২টায় শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঘোড়ার ঘাট ড্রেজিং পয়েন্টে তার মৃতদেহ ভেসে ওঠে।

রাফসান কুষ্টিয়ার থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।

প্রত্যেক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাফসান তার কুষ্টিয়ার পাঁচবন্ধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রশিদ তামিম, ব্যবসায়ী বিশ্বজিৎ, কুষ্টিয়া স্যামসাং শো-রুমের ম্যানেজার ফয়সাল ও আব্দুর রশিদকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীতে গোসলের উদ্দেশে আসেন। বন্ধুরা একসাথে সবাই নদীতে গোসলের জন্য নামে। এদের মধ্যে তামিম ও রাফসান একটু গভীরে গেলে হঠাৎ করেই তারা দু’জনই নদীতে তলিয়ে যান। এ সময় অন্যান্য বন্ধুদের চিৎকারে স্থানীয় মাঝিরা তামিমকে টেনে তুললেও রাফসানকে খুঁজে পাননি।

পরবর্তীতে খুলনা থেকে ডুবুরি দল এনে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও রাফসানের সন্ধান মেলেনি। শুক্রবার সকালে রাফসানের মৃতদেহটি নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছু দূরেই ড্রেজিং পয়েন্টে ভেসে ওঠে। স্থানীয়দের সহযোগিতায় রাফসানের মৃতদেহটি উদ্ধার করা হয়।

রাফসানের বন্ধু হাসিবুর রশিদ তামিম বলেন, ‘রাফসান আর আমি একসাথেই ছিলাম। বাকিরা একটু কম পানিতে ছিল। হঠাৎ করে আমাদের পায়ের তলার বালি সরে যায়। সাঁতার না জানায় আমি ও রাফসান তলিয়ে যাই। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করতে পারলেও রাফসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।’

পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এসেছিলেন। গত ২ মে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘নিখোঁজ ব্যক্তির মরদেহ শুক্রবার সকালে ভেসে উঠেছিল। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com