শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিল্প লবণের আমদানি শুল্ক বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশীয় লবণ শিল্পের স্বার্থে শিল্প লবণের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে খাবার লবণ (সোডিয়াম ক্লোরাইড) আমদানি নিষিদ্ধ থাকলেও শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেট) আমদানির সুযোগ রয়েছে। খাবার লবণের সঙ্গে শিল্প লবণের দামের তারতম্য অনেক বেশি হওয়ায় অপঘোষণার মাধ্যমে খাবার লবণ আমদানির প্রবণতা লক্ষ্য করা গেছে।

তাছাড়া, খাবার লবণের সঙ্গে শিল্প লবণ মিশিয়ে বাজারজাত করার অভিযোগও শোনা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশের প্রান্তিক পর্যায়ের লবণ চাষি ও লবণ মিল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে লবণ চাষিদের প্রতিরক্ষা এবং জনস্বাস্থ্য বুঁকি হ্রাসের লক্ষ্যে শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেটের) আমদানিতে বিদ্যমান শুল্কহার বৃদ্ধির প্রস্তাব করছি।

মহামারি করোনাভাইরাস সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com