শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দুর্নীতি দমনে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে খসড়া বাজেট ঘোষণায় এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেটে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে চলতি অর্থবছরে অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে। যা সর্বমহলে সমাদৃত হয়েছে।
তিনি বলেন, গৃহহীন মানুষের ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। গৃহ নির্মাণে ২ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের অধস্তন আদালতসমূহকে আইসিটি নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ই-জুডিসিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি আদালতকে ই-কোর্ট রুমে পরিণত করা হবে। প্রতিটি আদালত এবং বিচারকার্যের সাথে সম্পৃক্ত বিভিন্ন দপ্তর যেমন থানা, হাসপাতাল, কারাগার এবং সম্পৃক্ত ব্যক্তি যেমন তদন্তকারী, সাক্ষী, আইনজীবী, আসামি ইত্যাদি সেন্ট্রাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে বিধায় মামলা ব্যবস্থাপনা দক্ষ হবে।
অর্থমন্ত্রী বলেন, করােনা রােগীদের সেবা প্রদানের কাজে নিয়ােজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সবাইকে আমরা দুই মাসের বেতনের সমপরিমাণ বিশেষ সম্মানি দেওয়ার উদ্যোগ নিয়েছি।
মন্ত্রী আরো বলেন, রােগীদের সেবা প্রদানে সরাসরি নিয়ােজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সংক্রান্ত সরকার ঘােষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়ােজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে ভাইরাসে আক্রান্ত হলে বা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি।
নগরকন্ঠ.কম/এআর