মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : কানাডার আলবার্টা প্রদেশে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ আরোহী, আহত কমপক্ষে ২৪ জন। শনিবার জ্যাসপার জাতীয় উদ্যানে ঘোরার সময় হিমবাহ থেকে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার সময় তাতে চালকসহ ছিলেন ২৭ জন আরোহী। হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা।
আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক ও ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, বাড়তে পারে নিহতের সংখ্যা। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
এ দিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
কানাডার স্থানীয় গণমাধ্যম গ্লোবাল নিউজ জানিয়েছে, জ্যাসপার জাতীয় উদ্যানের বাস দুর্ঘটনায় রক্স্লাইডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সোমবার পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন, ক্যানো ন্যারো, সাস্কের ২৪ বছর বয়সী মহিলা, অ্যাডমন্টনের ২৮ বছর বয়সী মহিলা এবং ভারতের ৫৮ বছর বয়সী পুরুষ। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কানাডার আলবার্টার জ্যাসপার জাতীয় উদ্যানে প্রতিবছর গ্রীষ্মের এই সময়ে প্রচুর সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। তবে কোভিড-১৯-এর কারণে এ বছর দর্শনার্থীর সংখ্যা অনেক কম। অন্যদিকে এ ধরনের বাস দুর্ঘটনাও সচরাচর কম হয়ে থাকে।
নগরকন্ঠ.কম/এআর