বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের পুঁজিবাজারে সোমবার (১৪ সেপ্টেম্বর) সূচক সামান্য কমেছে। এদিন উভয় বাজারে কমেছে লেনদেনও।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩২৯ কোটি ৭২ লাখ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৯১ পয়েন্ট কমে ৫ হাজার ৯২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৬ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭০ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে সোমবার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার ও ইউনিটের দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫২৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৫৯ দশমিক ১৪ পয়েন্টে, সিএসইএক্স সূচক ৪ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৭ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার ও ইউনিটের দর। এদিন টাকার পরিমাণে সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২ লাখ টাকা।
নগরকন্ঠ.কম/এআর