বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সাড়ে তিন কোটি টাকা জমা দিয়েছে কাজী ফার্মস লি. এবং মোবাইল টাওয়ার স্থাপনা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ লিমিটেড।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কাজী ফার্মস এর উপদেষ্টা কাজী রিয়াজুল হক এবং ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেন নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে ৩ কোটি ৫০ লাখ ৫৮ হাজার ১৬১ টাকার চেক তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, গত এক বছরের মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ হিসেবে কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ কোটি ১ লাখ ২২ হাজার ৩৫৬ টাকা ও ইডটকোর পক্ষ থেকে ২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৮০৫ টাকার চেক দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর পরিচালক শাকিলা জেরিন, কাজী ফার্মস এর ব্যবস্থাপক (প্রশাসন) মো. মনিরুজ্জামান, উপ-ব্যবস্থাপক একলাস কে চৌধুরী, ইডটকোর এইচআর ডিরেক্টর রিজওয়ান হামিদ কোরাইশী এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান কাজী মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর