বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান বলেছেন, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হচ্ছে। বর্তমান কমিশনের নেতৃত্বে আমি স্বপ্ন বাস্তবায়ন হতে দেখছি। এই কমিশনের প্রতিটি পদক্ষেপ পুঁজিবাজারের জন্য কার্যকর ভূমিকা রাখছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘ডিলিংস উইথ ইনভেস্টর’ শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা ( সিএফও) আব্দুল মতিন পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমান।
রকিবুর রহমান বলেন, নতুন কমিশন মাত্র ৪ মাসেই পুঁজিবাজারের জন্য অনেক ভূমিকা রেখেছে। তবে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো সমাধানে তাদেরকে কিছুটা সময় দিতে হবে।
তিনি বলেন, বর্তমান কমিশনের নেতৃত্বে আমি স্বপ্ন বাস্তবায়ন হতে দেখছি। এর আগে ৪০ বছর শুধু স্বপ্নই দেখেছি। এই কমিশনের নেতৃত্বে আমি অভিভূত।
তিনি বলেন, শেষ ২ কার্যদিবস সূচক কমেছে। কিন্তু লেনদেন বেড়েছে। এটাই বাজার। পৃথিবীর অন্যান্য দেশেও এমনটি হয়। এখন কমতি দরে বিনিয়োগকারীরা ক্রয় বাড়িয়েছেন। তবে এর আগে কৃত্রিমভাবে সূচক উঠানো-নামানোর কাজ করা হতো।
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্টক এক্সচেঞ্জের হাতে দেওয়ার জন্য বিএসইসি চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছেন রকিবুর রহমান। এছাড়া লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+১ এ আনার আহ্বান জানান তিনি। তিনি মনে করেন, এ পদ্ধতি চালু করা হলে পুঁজিবাজারে লেনদেন অনেক বেড়ে যাবে।
তিনি আরো বলেন, আইপিও আসলে বাজার ধীরগতি হয়ে যায় বলে অনেকে অভিযোগ করেন। কিন্তু এটা ঠিক না। আপনার হাতে যদি ভালো শেয়ার থাকে, তাহলে কেনো আপনি ওই শেয়ার বিক্রি করে আইপিওতে যাবেন।
নগরকন্ঠ.কম/এআর