বুধবার, ০১ Jul ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ নির্বাচনে শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ও এস আর ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান।
নির্বাচিত সদস্যরা আগামী ৩ বছর সিএসইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে সিএসইর পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
সিএসই’র জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচনে দুজন শেয়ারহোল্ডার পরিচালক পদের বিপরীতে পাঁচজন প্রার্থী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন পাঁচ প্রার্থীকেই যোগ্য বলে তালিকা প্রকাশ করে।
প্রার্থীদের মধ্যে এস আর ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ৬৫ ভোট, আইল্যান্ড সিকিউরিটিজে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ৬২ ভোট, আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী ৪৪ ভোট, ডি এন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী ২১ ভোট এবং টেন স্টারের পরিচালক ফারহানা আক্তার ২০ ভোট পেয়েছেন।
সিএসইর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম মহসানউদ্দিন আহমেদ চৌধুরী। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন মো. আখতার হোসেন ও সাঈদুল মোস্তফা চৌধুরী।
নগরকন্ঠ.কম/এআর