মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নের রাজা সিংহ। আর বাঘের মাসী বিড়াল। এ দুটোর মধ্যে আকারে-শক্তিমত্তায় কোনোভাবেই তুলনা চলেনা। তবে সিংহ যত বড়ই হোক না কেন, একটি জায়গায় ‘লিটলক্যাটে’র চাইতে পিছিয়ে পড়েছে ‘বিগক্যাট’।
আর তা হলো দাম। জাপানে সিংহের দাম পড়তে পড়তে বিড়ালের কয়েকগুণ কমে এসে দাঁড়িয়েছে। এমনকি অনেক সময় একেবারে ‘মাগনা’ও পাওয়া যাচ্ছে বনের রাজা সিংহকে! আজব হলেও এই সত্যি সংবাদটিই প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে!
তাদের প্রতিবেদন সূত্রে জানা যায়, বন্যপ্রাণীদের নিয়ন্ত্রণে জাপানে কঠোর আইন থাকায় সেখানে সাধারণ মানুষের পক্ষে সিংহ কেনা একেবারেই সম্ভব নয়। তবে দেশটিতে এমন একটি সংগঠন রয়েছে যাদের সদস্যরা এসব প্রাণী বিক্রি করতে পারেন। ‘অ্যাসোসিয়েশন অব জু অ্যান্ড অ্যাকুয়ারিয়াম’ বা যাজা’র সদস্যসংখ্যা প্রায় ৩০০ জন।
দর্শনার্থীদের কাছে মেরু ভাল্লুক, হাতি আর পাণ্ডা শাবকের মতো কিছু প্রজাতির চাহিদা সবসময়ই রয়েছে। তবে হঠাৎ সিংহের কী দোষ দেখা দিয়েছে, যে তার দাম পড়ে গেছে?
বন্যপ্রাণীদের নিয়ে ব্যবসা করে এমন প্রতিষ্ঠান রেপ জাপানের প্রতিষ্ঠাতা স্যুওশি শিরাওয়া বিষয়টি সম্পর্কে বলেন, ‘জাপানে এখন সিংহ খুবই সস্তায় পাওয়া যায়, প্রতিটি চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী পার্কগুলোতে সিংহের চাহিদা আগে অনেক বেশি ছিল এবং সিংহকে সবচেয়ে বড় শিকারি হিসাবে দেখা হতো।’
এখন সিংহের জনপ্রিয়তা কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাণীগুলো শিশু অবস্থায় সকলের দৃষ্টি আকর্ষণ করলেও বড় হলেই সমস্যার শুরু হয়।’
দেশটিতে একটি সিংহের দাম ১ লাখ ইয়েন বা ৯৬৬ ইউএস ডলারেরও কম হতে পারে৷ এমনকি একদম বিনামূল্যেই সিংহ দিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। অপরদিকে পোষা প্রাণীর দোকানে একটি বিড়াল ছানা কিনতে আপনাকে সিংহের প্রায় চারগুণ অর্থাৎ ৪ লাখ ইয়েন বা ৩ হাজার ২৪৮ ইউরো খরচ করতে হবে!
এর পেছনের কারণ জানালেন টোকিও ইউনিভার্সিটির পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ কেভিন শর্ট।
তিনি বলেন, ‘সিংহ পালন অনেক ব্যয়বহুল, সিংহের খিদে বেশি পায়, তা ছাড়া জাপানে মাংসের মূল্যও অনেক বেশি। সিংহের জন্য খাঁচারও প্রয়োজন।’
আর দর্শক আকর্ষণে এগিয়ে থাকে বাচ্চা সিংহরা। বড় হতে থাকলেই সিংহদের প্রতি মানুষের আকর্ষণ অনেক কমতে থাকে বলেও জানান তিনি।
পৃথিবীর যে অল্প ক’টি দেশে জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী, তার মধ্যে জাপান একটি। স্বভাবতই এর প্রভাবও পড়ছে দেশটির চিড়িয়াখানা খাতে। আশঙ্কাজনক হারে দর্শনার্থীদের সংখ্যা কমতে থাকায় সিংহের মতো বড় প্রাণীদের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়ছে। আর সেই সাথে রয়েছে প্রযুক্তির দাপট। অধিকাংশ শিশু-কিশোরই এখন ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ছে, ফলে তারা চিড়িয়াখানায় যাওয়া কমিয়ে দিয়েছে। এসব কিছুরই প্রভাব পড়েছে সিংহের দামে!