মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শীতের মরসুম পড়তেই ক্রমশ ভিড় বাড়ছে ইকো পার্কে। কচিকাঁচাদের নিয়ে ভিড় করছেন বাবা-মায়েরা। কিন্তু শিশুসন্তানকে খাওয়ানোর জন্য নির্দিষ্ট কোনও ঘরের ব্যবস্থা নেই সেখানে। বিষয়টি নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন মায়েরা। এই সমস্যার কথা তাঁরা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আগেই। এ বার তার সমাধানে ইকো পার্কে মা এবং সন্তানের জন্য বিশেষ ঘরের ব্যবস্থা করতে চলেছেন কর্তৃপক্ষ।
সোমবার হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, ইকো পার্কে মায়েদের জন্য আলাদা কোনও ঘরের ব্যবস্থা এত দিন ছিল না। তাতে শিশুদের খাওয়ানোর সময়ে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই ব্যবস্থা করা হচ্ছে বিশেষ একটি ঘরের। সেখানে আনুষঙ্গিক যাবতীয় পরিকাঠামো তৈরির পরিকল্পনা করা হয়েছে। কলকাতা বিমানবন্দর, ভারতীয় জাদুঘরে এমন বিশেষ ঘর রয়েছে। তবে ইকো পার্কের মতো জনসমাগম ঘটে, শহরের তেমন বহু জায়গাতেই এখনও মা ও শিশুদের জন্য বিশেষ ঘরের ব্যবস্থা নেই।