সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণ নিয়ে দৃষ্টান্তমূলক রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাদের পর্যবেক্ষণ, প্রচুর মানুষ একসঙ্গে জলে নেমে স্নান করলে ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। তাই সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে রাজ্যের ব্যবস্থাপনা যদি সন্তোষজনক না-হয়, তা হলে এ বার গঙ্গাসাগর মেলা পুরোপুরি বন্ধের নির্দেশও দেওয়া হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছে হাইকোর্ট।
তবে এ দিনের শুনানিতে চলতি বছরের সাগরমেলার ভবিতব্য চূড়ান্ত হয়নি। প্রথাগত পুণ্যস্নানের বদলে বিকল্প কোনও পথ বার করা যায় কি না, রাজ্য সরকারকে তা-ও ভেবে দেখতে বলেছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আজ, শুক্রবার ফের শুনানি হবে। তার আগে আরও একটি হলফনামা পেশ করতে হবে রাজ্যকে। বিকল্প পথ সন্ধানের পরামর্শ দিয়ে ডিভিশন বেঞ্চের প্রস্তাব, প্রয়োজনে ছোট ছোট পাত্রে গঙ্গাসাগরের জল দেওয়া যেতে পারে। মানুষ তা সংগ্রহ করে মাথায় ছেটাতে পারেন।