সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
হত্যা, ধ্বংস, ক্ষমতা, লিপ্সা, চাতুর্য এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী। শুনলে মনে হবে জীবন্ত কেনো সিনেমার গল্প। তার ঘটনা বহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে জানবো আজ।
ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার জন্ম হয়েছিল মঙ্গোলিয়ার স্তেপ বা তৃণ চারণভূমিতে। ধারণা করা হয় চেঙ্গিসে জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেনতি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাখ নামের এক জায়গায়। খুব সম্ভবত ১১৬২ সালেই তার জন্ম। তবে এর কোন সঠিক প্রামাণ মেলেনি। বলা হয়ে থাকে ওনন নদীর পাড়ে তৃণচারণ ভূমিতেই তার বেড়ে ওঠা।
যদিও সারা পৃথিবীর কাছে তিনি পরিচিত চেঙ্গিস খান নামে, তবে এই বিশ্ব বিজেতার আসল নাম কিন্তু চেঙ্গিস নয়। ‘চেঙ্গিস খান’ তার উপাধি। তার প্রকৃত নাম ‘তেমুজিন’। অনেক যুদ্ধ এবং রক্তপাতের পর ১২০৬ সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গোলিয়ান স্তেপের একক অধিপতি হিসাবে আবির্ভূত হন তখন তাকে ‘চেঙ্গিস খান’ উপাধি দেওয়া হয়।
চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল। চেঙ্গিসের পিতা ছিলেন স্থানীয় গোত্রপতি। তাই আভিজাত্য ছিল চেঙ্গিস খানের জন্মগত। মঙ্গোল রীতি অনুসারে বার বছর বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়। বোর্তে নামের এক ফুটফুটে মেয়ের সাথে বিয়ে হয় তার। তবে ছোট্ট তেমুজিনের কপালে সুখ বেশি দিন টেকে নি। সে সময়ের ইউরেশিয়ান স্তেপ অঞ্চলে এখনকার দিনের আধুনিক জাতি রাষ্ট্রের মত একক কোন জাতি বসবাসা করত না। বরং লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত এই তৃণচারণ ভূমি বিভক্ত ছিল বিভিন্ন গোত্রে গোত্রে, দলে ও উপদলের মাঝে। না ছিল তাদের সরকার কিংবা আইন কানুন। গোত্র বা কবিলা তান্ত্রিক সমাজে গোত্রের রীতিনীতিই ছিল চূড়ান্ত। ছিলনা পুলিশ, কোটাল কিংবা কাজী। ইউরেশিয়ান স্তেপ অঞ্চলে বিভিন্ন তাতার, টার্কিক এবং মোঙ্গল গোত্র বসবাস করত। চেঙ্গিসের জন্মের সময় স্তেপ ভূমিতে ছিল তাতারদের বড্ড আধিপত্য। চেঙ্গিসের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। মোঙ্গল জনশ্রুতি অনুসারে তাতারদের দেওয়া বিষমিশ্রিত ঘোড়ার দুধ পানে মৃত্য হয়েছিল চেঙ্গিসের পিতার।