সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টসহ একই চিত্র সৈকতের সব পয়েন্টেই। যেখানে ভিড় করেছে বিপুল পর্যটক। সৈকতের প্রবেশদ্বারগুলোতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক বিল-বোর্ড ও ব্যানার টাঙ্গানো থাকলেও পর্যটকদের কেউ তা মানছেন না।
আর স্বাস্থ্যবিধি না মানার ব্যাপারে একেকজনের একেক রকম অজুহাত। কয়েকজন পর্যটক বলেন, যদিও কর্তৃপক্ষ লিখে রেখেছেন কিন্তু কেউ সেটা মানছেন না। একবার ভ্যাকসিন দেয়ার কারণে নিজেদের মধ্যে একটু সাহসের সঞ্চার হয়েছে।
পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা নেয়ার পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে মাইকিংসহ সচেতনতামূলক নানা প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে কিন্তু কেউ কেউ বলে যে মাস্কের কারণে তাদের সমস্যা হয়। এছাড়াও একেকজন বিভিন্ন সমস্যা দেখায়। তারপরও আমরা চেষ্টা করছি যেন সবাই মাস্ক পরে। একই সাথে পরামর্শও দেয়ার চেষ্টা করছি।’
সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে বেড়াতে এসেছেন লক্ষাধিক পর্যটক। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ইনানী সৈকত, হিমছড়ির ঝর্ণা, সেন্টমার্টিন, রামুর বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রেও অসংখ্য পর্যটকের ভিড়। এর পাশাপাশি ৩ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী মেলা উপলক্ষে মহেশখালী আদিনাথ মন্দিরে পূণ্যার্থীসহ রয়েছে বিপুল পর্যটকের ঢল।