সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ১০০০ ফুট উঁচু থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল স্বামী! বিমার টাকা হাতানোর জন্য স্ত্রীকে হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে।
২০১৮ সালের ঘটনা। দক্ষিণ–পূর্ব তুরস্কের মুগলা শহরের বাসিন্দা ৪০ বছরের হাকান আয়সাল স্ত্রী সামরাকে নিয়ে তুরস্কের বাটারফ্লাই ভ্যালিতে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানে ১০০০ ফুট উচ্চতায় স্বামী–স্ত্রী একসঙ্গে সেলফি তোলে। ঘণ্টার পর ঘণ্টা সময় কাটায়। এরপরই ঘটে মর্মান্তিক কান্ড। স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কীর্তিমান স্বামী। মারা যায় সামরা। এরপরই গ্রেপ্তার করা হয় হাকানকে।
মামলা চলাকালীন বেরিয়ে আসে ঘটনার নেপথ্য কারণ। ঘটনার কিছুদিন আগেই স্ত্রীর নামে ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ লক্ষ টাকার বিমা করিয়েছিল হাকান। একমাত্র নমিনি ছিল সে। বিমার শর্ত অনুযায়ী স্ত্রীর দুর্ঘটনায় মৃত্যু হলে পুরো টাকাটাই আসবে হাকানের হাতে। সেই টাকা আত্মসাৎ করতেই স্ত্রীকে হত্যার পর দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করেছিল হাকান। আইনজীবীদের কথায়, ঘটনার দিন তিন ঘণ্টা সেখানে ছিল হাকান। গোটা এলাকা জনশূন্য হতেই স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরই বিমার টাকার জন্য আবেদন করেছিল হাকান। কিন্তু তা খারিজ হয়ে যায়।
তুরস্কের স্থানীয় আদালত হাকানকে কারাবাসের সাজা শুনিয়েছে। সামরার পরিবার দাবি করেছিল, তাঁদের মেয়ের নাম করে একাধিক ঋণও নিয়েছিল হাকান। সেই ঋণ শোধ করতেই সামরাকে হত্যার অভিযোগ এনেছিল তাঁর পরিবার।