সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
বৈশ্বিক শান্তি সূচকে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় কয়েকধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত ২০২১ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম।
এ তালিকায় গত বছরের তুলনায় সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল তালিকার ৯৭তম। বৃহস্পতিবার (১৭ জুন) আইইপি এ তালিকাসহ তাদের প্রতিবেদন প্রকাশ করে।
নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা, সামরিকায়ন এবং চলমান সংঘাতের মাত্রার হারের ভিত্তিতে তৈরি করা এ সূচকে বাংলাদেশের এবারের স্কোর ২ দশমিক ০৬৮।
এ বছর দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই অঞ্চলে তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভুটান। দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকা দেশটির সূচকে অবস্থান ২২ তম। সূচকে ৮৫তম অবস্থান নিয়ে এ অঞ্চলের দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা (৯৫), ভারত (১৩৫)ও পাকিস্তান (১৫০)। আরেক প্রতিবেশী দেশ আফগানিস্তান সূচকের একেবারে তলানিতে অবস্থান করছে। আর এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে সিঙ্গাপুর।
বরাবরের মত এবারও শীর্ষ শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, তৃতীয় ডেনমার্ক, চতুর্থ পর্তুগাল ও পঞ্চম স্লোভেনিয়া।
আইইপি’র প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও ভারতে সহিংসতার আশঙ্কা সর্বনিম্ন। এই হার যথাক্রমে ২৫ ও ২৩ শতাংশ। অন্যদিকে আফগানিস্তানের ৫৩ শতাংশ মানুষই সহিংসতার আশঙ্কায় উদ্বিগ্ন। তবে এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় আগামী দশকে সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে এ প্রতিবেদনে।
এতে আরও বলা হয়েছে, এই বছর সূচকে শান্তিপূর্ণতার দিকে যে তিনটি অঞ্চলের উন্নতি হয়েছে দক্ষিণ এশিয়া তার একটি। এই উন্নতির গড় হার শূন্য দশমিক ১ শতাংশ।