মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
দেশের ২০টি জেলার সাত লাখ ৫০ হাজার দরিদ্র ও অতিদরিদ্র গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন ও কভিড মহামারিসহ পরবর্তী সম্ভাব্য ঝুঁকি কাটিয়ে ওঠার জন্য অর্থায়নে সহায়তা করতে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার পক্ষে বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মের্সি টেম্বন এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে জীবনমান উন্নয়ন ও কর্মক্ষম ব্যক্তি তৈরির লক্ষ্যে রিলায়েন্স, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রেলি) প্রকল্পের আওতায় এই ঋণে তিন হাজার ২০০ গ্রামের সাড়ে সাত লাখ লোক উপকৃত হবে। তিন বছর মেয়াদি এই ঋণের গ্রেস পিরিয়ড পাঁচ বছর। এই ঋণ ব্যবহার করে চার লাখ ৯০ হাজার মানুষকে জলবায়ু ঝুঁকি, অভিযোজন এবং স্থিতিস্থাপকতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পাঁচ হাজার ১২০টি জলবায়ু সহনীয় অবকাঠামো নির্মাণ হবে।