মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্যাংকিং খাতে অধিকতর ঋণশৃঙ্খলা নিশ্চিত এবং খেলাপি ঋণ কমাতে ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ঋণ আবেদনকারী প্রতিষ্ঠানের দাখিল করা আর্থিক প্রতিবেদন ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের (ডিভিএস) মাধ্যমে যাচাই-বাছাই করতে হবে। সিস্টেমটি তৈরি করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ঋণের জন্য আবেদনকারী প্রতিষ্ঠান থেকে দাখিলকৃত আর্থিক প্রতিবেদন যেকোনো অনুমোদিত নিরীক্ষা ফার্ম থেকে নিরীক্ষিত ও স্বাক্ষরিত কি না সেটা যাচাই করে ব্যাংক। নিরীক্ষিত ওই আর্থিক প্রতিবেদনগুলো স্টেকহোল্ডার থেকে অনলাইনের মাধ্যমে সহজে যাচাই করার জন্য আইসিএবি একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে। যার নাম ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস)। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ব্যাংক থেকে যাচাইকালে আইসিএবির ডেভেলপকৃত ওই ডিভিএস ব্যবহারের সুযোগ রয়েছে।
সার্কুলারে আরো বলা হয়, ব্যাংকিং খাতে অধিকতর ঋণশৃঙ্খলা এবং খেলাপি ঋণ কমাতে ঋণগ্রহীতার দাখিল করা আর্থিক প্রতিবেদন ব্যাংক যাচাইকালে প্রতিবেদনের তথ্যাবলি আইসিএবির ডেভেলপ করা ডিভিএসে প্রদত্ত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিশ্চিত হতে হবে। এ লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলো আইসিএবির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।