রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং কালাদহ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মাস্টারের (আনারস) প্রতীকের ভোট চাইতে গিয়ে নৌকা প্রতীকের ইমান আলী মাস্টারের কর্মীদের হামলায় ৫/৬ জন কর্মী আহত হয়েছেন।
আজ রবিবার (৭ নভেম্বর) স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মাস্টারের (আনারস) প্রতীকের শুশুতি গ্রামে ভোট চাইলে গেলে আওয়ামী লীগের ইমান আলী মাস্টারের (নৌকা) প্রতীকের কর্মীরা মারধর করে ৫/৬ জনকে আহত করেছে। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আ. কুদ্দুছ (৬৫), হানিফা (৬০), মজিবর (৫২), শহিদুল্লাহ (৪০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম মাস্টারের (আনারস) প্রতীকের ৫/৬ জন কর্মী ভোট চাইতে শুশুতি গ্রামের পলান বাড়িতে যান। খবর পেয়ে আওয়ামী লীগের ইমান আলী মাস্টারের (নৌকা) প্রতীকের ভাতিজা সাদ্দামগং ৮/১০ জন তাদেরকে পাকড়াও করে পিটিয়ে আহত করে।
স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মাস্টার (আনারস) জানান, তার কর্মীরা ভোট চাইতে ওই গ্রামে গেলে নৌকা সমর্থিতরা ৫ জনকে পিটিয়ে আহত করে। আহতদের ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে।
আওয়ামী লীগের ইমান আলী মাষ্টার (নৌকা) ঘটনার সত্যতা স্বীকার বলেন, আমার কর্মী ও স্বতন্ত্র প্রার্থী কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা থানায় আসলে বিস্তারিত জানা যাবে।