শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
‘কর্ণফুলী নদী তীরবর্তী কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক কাম বাঁধ নির্মাণ’ প্রকল্পে চার বছর পর অগ্রগতি মাত্র ৬২ শতাংশ। এ সড়ক কাম বাঁধের দৈর্ঘ্য সাড়ে ৮ কিলোমিটার। এ সময়ে প্রকল্পটিতে আবারও সংশোধনী এনে আরও ৪৩৬ কোটি টাকা ব্যয় বাড়িয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
এখন প্রকল্পটির ব্যয় ২ হাজার ৩১০ কোটি থেকে বেড়ে ২ হাজার ৭৪৬ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। সিডিএর সংশ্লিষ্টরা প্রকল্পের স্বার্থে ব্যয়বৃদ্ধির কথা বললেও সুধীমহল বিষয়টিকে দেখছেন অন্যভাবে। তারা বলছেন, ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্টদের পকেট ভারী করতেই কাজের মাঝখানে এসে মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়ে থাকে।
প্রকল্প সূত্রে জানা যায়, ‘কর্ণফুলী নদী তীরবর্তী কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে বেশ কিছু নতুন কম্পোনেন্ট অন্তর্ভুক্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রস্তাব দেয় সিডিএ। চলতি বছরের জুন পর্যন্ত এ প্রকল্পে খরচ হয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৩৮ লাখ ৩২ হাজার টাকা (প্রায় ৫০ শতাংশ)।
প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ২ হাজার ২৭৫ কোটি ৫২ লাখ টাকা। পরে প্রথম সংশোধনীতে প্রায় ৩৫ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার ৩১০ কোটি ২৪ লাখ টাকা করা হয়। দ্বিতীয় সংশোধনীতে এসে ৪৩৬ কোটি বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৭৪৬ কোটি ৩৯ লাখ টাকা। সর্বশেষ একনেক সভায় সে প্রস্তাব অনুমোদনও করা হয়েছে।