শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে ৪৬ টাকা। নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ২৯৭ টাকা লাগবে। এত দিন যা বিক্রি হচ্ছিলো ১ হাজার ২৫১ টাকা। এছাড়া গাড়িতে ব্যবহার হওয়া অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে।
এই নিয়ে টানা দুই মাস বাড়ানো হলো পণ্যটির দাম। রোববার বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল ভার্চুয়ালি ডিসেম্বরের জন্য এই নতুন দাম ঘোষণা করেন। রোববার সন্ধ্যা থেকেই এ দাম কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববাজারে গত মাসের চেয়ে প্রোপেন এবং বিউটেনের দাম বেড়েছে টন প্রতি ৪০ ডলার। আর আমদানির ক্ষেত্রে ডলারের বিনিময় হার ১০৫ টাকা ২২ পয়সা ধরে মূল্য সমন্বয় করা হয়েছে।
এছাড়া ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি জানায়, এরই মধ্যে ৬টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রস্তাব তারা পেয়েছেন। সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিইআরসি আইন সংশোধন বিষয়ে সংস্থার চেয়ারম্যান জানান, সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। কমিশন আইন অনুযায়ী চলবে।
সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিকহারে বাড়বে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে।