বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর কাতার-দুবাই-সৌদি আরব সফর শেষে দেশে ফিরে বলেছেন, ‘আমাকে অফার করা হয়েছিল যেন ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকি। তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র করেছিল যেন দেশে আসতে না পারি। দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্য বিদায়ী আমলারা টাকা পাচার করেছেন। আমার কাছে ১৭ জনের তথ্য আছে। গণমাধ্যম যদি সেই সব তথ্য প্রচার করতে পারে তাহলে আমি এসব তথ্য দিতে আগ্রহী। সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে তারা কয়েক হাজার কোটি বিনিয়োগ করেছেন।’
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় গণঅধিকার পরিষদের পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।
তিনি বলেন, ‘সরকার উৎখাত নিয়ে শেখ হাসিনা এত ভয়ে আছে কেন, আমরা সরকার উৎখাতের জন্য আন্দোলন করছি না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছি। সরকার যে নীলনকশা নিয়ে এগোচ্ছে তাতে মানুষের ওপর যে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বিরোধীদের ওপর দায় চাপাতে পারে। আপানারা দেখেছেন বিএনপির অফিসে ঢুকে আইনশৃঙ্খলা বাহিনী কী নাটক সাজিয়েছিল। তাই বিরোধীদলের নেতাকর্মী, পুলিশ, সেনাবাহিনীসহ সবাইকে সর্তক থাকার আহ্বান করছি। একইসাথে গণমাধ্যমের ভাইবোনদের বলবো, আপনারা চোখ-কান খোলা রাখুন। আমরা জানি গণমাধ্যমের ওপর চাপ আছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মত কালো আইন দিয়ে করে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করেছে এই সরকার।’
এদিকে, ফোনে আড়িপেতে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি, মিথ্যা মামলায় গ্রেপ্তার রাজবন্দিদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, মালেক ফরাজী, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, তারেক রহমান, ফাতেমা তাসনিম, সদস্য শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্য সচিব নিজাম উদ্দিন।