শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
আরেকটি জয়ে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজের সেমি–ফাইনালে জায়গা করে নিয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ এইচপি দল। ডারউইনে গতকাল শুক্রবার ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। নর্দার্ন টেরিটরির ১৪৩ রান ১০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে সফরকারীরা। প্রথমে ব্যাট করা নর্দার্ন টেরিটরি স্ট্রাইক ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানর তোলে। জবাবে বাংলাদেশ এইচপি ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে নেয়। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে বাংলাদেশ এইচপি দল। এখনও সেমি–ফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হয়নি। রোববার হবে দুটি সেমি–ফাইনাল ও ফাইনাল। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের ব্যাটাররাও গতকাল পারেননি মোহাম্মদ রুবেলের স্পিন রহস্য ভেদ করতে। তাতে লক্ষ্য থাকে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের নাগালেই। সতীর্থদের ব্যর্থতার দিনে ব্যাটিংয়ে দলকে পথ দেখান সাব্বির রহমান। চমৎকার বোলিংয়ে ২১ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার রহস্য স্পিনার রুবেল। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি আশা জাগিয়ে সাব্বির করেন ৪৭ রান। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশের ওপেনিং জুটিতে আসে বদল। আগের দুই ম্যাচে ফিফটি পাওয়া আরিফুল ইসলাম ওপেনিংয়ে নামেন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। জায়গা বদলে রানের দেখা পাননি আরিফুল, ৬ বলে ১০ রানে থামে তার ইনিংস। বেশিক্ষণ টেকেননি সোহানও। ৪১ রানে দুই উইকেট হারানো দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনে নামা সাব্বির। তার ৩৭ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। এই ইনিংস খেলার পথে শামীম হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৩৪ রান যোগ করেন সাব্বির। চতুর্থ উইকেটে ইরফানের সঙ্গে ২৯ বলে গড়েন ৩৫ রানের জুটি। শামীম এক চারে ১১ রান করতে খেলেন ১১ বল। পরে দলকে টানতে পারেননি শুক্কুর, এসএম মেহরব। একটি করে ছক্কা ও চারে দলকে জয়ের দুয়ার নিয়ে থামেন সামিউন বাশির। তার বিদায়ের পর বাউন্ডারিতে ম্যাচ শেষ করেন আব্দুল গাফফার সাকলাইন।