দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত মনোনয়ন প্রত্যাশী ৫৫ জনের নামের তালিকা প্রকাশ করে বিএনপি।
পৌর নির্বাচনে মনোনয়নে তৃণমুলের নেতা-কর্মীরাই তাদের প্রার্থী নির্বাচন করেছেন বলে দাবি প্রার্থীদের।
বিএনপি মেয়র প্রার্থী ইকবাল হোসাইন বলেন, প্রত্যেকটি ওয়ার্ড থেকে ২৭ জন তৃণমূলের নেতাকর্মী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রার্থী নির্বাচিত করেছেন। মনোনয়ন প্রক্রিয়া নির্বাচনে আমাকে তারা নির্বাচিত করেছেন।
নির্বাচনি প্রচারণা চালাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি বিএনপির মনোনয়ন প্রার্থীদের। তারা বলেন, আমাদের অনেক প্রার্থীকেই অবরুদ্ধ করে রাখা হয়েছে যাতে করে তারা প্রচার প্রচারণা করতে না পারে। আমরা যদি ঠিকমত প্রচার প্রচারণা করতে পারি এবং নির্বাচন যদি সুষ্ঠু হয় আমরা শতভাগ নিশ্চিত আমরাই জয়ী হবো।
তৃণমূলের মতামত মূল্যায়ন করেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পৌর এবং জেলা কমিটির প্রেসিডেন্ট-সেক্রেটারি যারা আছে তারা মিলে ভোট করে নির্বাচিত করে কেন্দ্রে যেভাবে পাঠিয়েছে এই অনুসারেই মনোনয়ন দেয়া হয়েছে। তবে কয়েকটা এলাকার দেয়া হয় নাই কিছু অভিযোগের কারণে। আমাদের মহাসচিব সেটি অনুসন্ধান করছে। যদি কোন সমস্যা না থাকে তাহলে দিয়ে দেয়া হবে আর না হলে প্রার্থী পরিবর্তন করা হবে।
১৬ই জানুয়ারি হবে ৬১টি পৌরসভায় নির্বাচন। আর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হবে ২৮শে ডিসেম্বর।





















