রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘কূটনৈতিক তৎপরতার সীমান্ত এলাকায় পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব হবে।’
রোববার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২০’ দিবস উপলক্ষ্যে পিলখানায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।
করোনা ভাইরাস সংক্রমণ জনিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবি দিবস-২০২০ এর বিশেষ দরবার পরিচালনা করেন বিজিবি মহাপরিচালক। যেখানে বাংলাদেশের সকল প্রান্ত হতে বিজিবি সদস্যরা যুক্ত ছিলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, “কূটনৈতিকভাবে এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা অব্যাহত রেখেছি যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসা যায়। সেজন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করছি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন।”
বিজিবিকে সময়উপযোগি করতে হবে, অরক্ষিত সীমান্তগুলোতে বিওপি স্থাপন এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে বিজিবির দক্ষ কর্মী বাহিনী গঠনের ওপর জোর দেন তিনি।
সাফিনুল ইসলাম বলেন, “পৃথিবী টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছে। সে সঙ্গে বাংলাদেশও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে। সেটার সঙ্গে তাল মিলিয়ে বিজিবিকে সময়োপযোগী করাটা জরুরি।”