শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

টিকা দেওয়ার দৌড়ে প্রথমেই ইজ়রায়েল

করোনা-টিকায় প্রথম ছাড়পত্র দিয়েছিল ব্রিটেন। তার পরে একে-একে আমেরিকা, কানাডা, ইজ়রায়েল, বাকি ইউরোপ। ২০২০-র শেষের মধ্যে কী পরিমাণ টিকাকরণ হবে, তার লক্ষ্যমাত্রা স্থির করেছিল সব দেশই। আমেরিকা বলেছিল, তারা ২ কোটি লোককে টিকা দিয়ে দেবে। কিন্তু বাস্তবে জটিল টিকাকরণ পদ্ধতি ও দুর্বল পরিকাঠামোর জেরে প্রায় মুখ থুবড়ে পড়েছে সকলেই। ঢাকঢোল না-পিটিয়ে সব চেয়ে নীরবে টিকাকরণ শুরু করেছিল সংক্রমণ-তালিকার অনেক পিছনে থাকা ইজ়রায়েল। দৌড়ে সব চেয়ে এগিয়ে রয়েছে সে। ১০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টিকাকরণের হার, শতকরা ১১.৫৫ শতাংশ। অর্থাৎ বাসিন্দাদের ১০০ জনের মধ্যে ১১.৫৫ জনকেই টিকা দেওয়া হয়ে গিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্বীকৃত একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার পরিসংখ্যান জানাচ্ছে, টিকাকরণে দৌড়ে প্রথম ইজ়রায়েল। দ্বিতীয় স্থানে বাহরাইন (৩.৪৯ শতাংশ)। তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন (১.৪৭ শতাংশ)। তারও পরে আমেরিকা। ডিসেম্বরের মধ্যে ২ কোটির লক্ষ্যমাত্রা নিয়েছিল তারা। উচ্চাশার ধারেকাছেও নেই আমেরিকা। প্রশাসনের তরফেই জানানো হয়েছে, পরিকাঠামো ব্যবস্থার গাফিলতির জন্য এই অবস্থা। যেমন, কেয়ার হোমগুলোতে ২২ লক্ষ ডোজ় পাঠানো হয়েছিল। টিকা দেওয়া গিয়েছে মাত্র ১ লক্ষ ৭০ হাজার লোককে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com