শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সারা দেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে চলছে টিকাদান কর্মসূচি। আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। টিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া গতকাল শনিবার বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন।
প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে ১০০৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, যার মধ্যে ঢাকায় রয়েছে ৫০টি কেন্দ্র। সোমবার থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এসব কেন্দ্রে টিকা দেওয়া হবে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীদের দল এসব কেন্দ্রে সরাসরি টিকাদানে নিয়োজিত রয়েছেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে টিকাদানের মধ্য দিয়ে আজ (রোববার) চট্টগ্রামে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উপমন্ত্রীর পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যক্তি টিকা নেন।
নেত্রকোণায় সারাদেশের ন্যায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (রোববার) সকাল সোয়া দশটায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খরু এমপি।
বরিশাল জেলাসহ বিভাগের বাকি ৫ জেলায় ৪২ টি উপজেলার ১৩১ টি বুথে শুরু হয়েছে টিকাদান কর্মসূচী। আজ (রোববার) সকাল সোয়া দশ টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ টি বুথে টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। টিকাদান সর্মসূচী সফল করতে বিভাগে ২৬২ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ৫২৪ জন স্বেচ্ছাসেবক সহায়তা করেন।
কুমিল্লায় করোনা টিকাদান শুরু হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ফ্রন্টলাইনারদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের মধ্যে আজ (রোববার) সকালে কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরকে টিকা দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিনাজপুরের হাকিমপুরে করোনা ভাইরাসের টিকাদান কর্মস‚চির উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ । আজ (রোববার) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কর্মস‚চির উদ্বোধন করেন তিনি। টিকা নিতে ইতোমধ্যে সাড়ে ৩’শ জন নিবন্ধন করেছেন।
গত ২৫ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি ডোজ অক্সফোর্ড ভ্যাকসিন কিনেছে সরকার। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে।
এছাড়া ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। ভারত থেকে আসা এই ভ্যাকসিন ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির ভ্যাকসিন অ্যালায়েন্সের নেতৃত্বে পরিচালিত কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ পাবে ছয় কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন।
গত বুধবার কোভ্যাক্স একটি তালিকা প্রকাশ করেছে। সে অনুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকে প্রায় এক কোটি ২২ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।