বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে করোনা সংক্রমণ বাড়ছে, বিধিনিষেধ মানছেন না কেউ

নোয়াখালীতে মহামারি করোনা  দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৭ শতাংশ। এটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৬ জন। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৬০ শতাংশ। এই জেলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু ১২৭ জন। গত সোমবার (১৪ জুন) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন ডা.মাসুম জানিয়েছেন, গত এক বছরের মধ্যে জেলায় এক দিনের সর্বোচ্চ শনাক্ত। নতুন আক্রান্তদের মধ্যে ১২৫ জন সদর উপজেলার, সুবর্ণচরের একজন, বেগমগঞ্জের ২০ জন, সোনাইমুড়ীর তিনজন, চাটখিলের ৬ জন, সেনবাগের দুইজন, কোম্পানীগঞ্জের ২৭জন ও কবিরহাটের সাতজন রয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৪৯ ভাগ। এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৫৭৯জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন ও আইসোলেশনে রয়েছেন ১২জন।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা ১৮ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে লকডাউনের তৃতীয় দিনে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে লকডাউন অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। তবে শহর এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। মাইজদী বাজার থেকে দত্তেরহাট এলাকা ঘুরে দেখা গেছে, শহরের প্রধান সড়কে যাত্রীবাহী বাস না চললেও উল্লেখ যোগ্যসংখ্যক সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছিল। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতার ভেতরে নিষেধাজ্ঞা অমান্য করে এসব যানবাহনের যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। এরপরও কিছু সড়কে  কিছু অটোরিকশা চলাচলের চেষ্টা করছে। সেগুলোও নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com