বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

জুলাই থেকে ২০ হাজার টাকা ভাতা পাবেন বীর মুক্তিযোদ্ধারা

আগামী জুলাই মাস থেকে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে এই কমপ্লেক্স নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পা তুলে ধরে মন্ত্রী বলেন, কয়েক দিনের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। প্রথমে ১৪ হাজার থাকলেও পরে প্রধানমন্ত্রী এ সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেছেন।

তিনি জানান, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্র্রে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সারা দেশে সব বীর মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার কাজও চলমান রয়েছে।

মন্ত্রী এ সময় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com