বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

গোলসংখ্যা বাড়াতে চান মেসি

শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে পাওয়া জয়ের মুহূর্তে পাল্টে দিয়েছে আর্জেন্টিনা শিবিরের চিত্র। দু’ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দুই নম্বরে রয়েছে লিওনেল মেসির দেশ। মঙ্গলবার (২২ জুন) ভোরে প্যারাগুয়ের বিরুদ্ধে নামার আগে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ছন্দে ফিরতে শুরু করেছে দল।

উরুগুয়ে ম্যাচের পরেই উল্লসিত মেসি ড্রেসিংরুমেই সতীর্থদের নিয়ে আলোচনায় বসে পড়েন। তিনি বলেন, ‘বরাবর বিশ্বাস করি, এই দল শুধুমাত্র আমার ওপরেই নির্ভরশীল নয়। অনেক ভালো মানের ফুটবলার রয়েছে, যারা এবার কোপায় খেলতে এসেছে। কিন্তু ম্যাচে জয়ের সঙ্গে অনেক গোল না করতে পারলে নিজেদের প্রতি বিশ্বাস পুরোমাত্রায় ফেরে না। পরের ম্যাচগুলোতে জয়ের সঙ্গে গোলের সংখ্যাও বাড়াতে হবে।’

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘উরুগুয়ের বিরুদ্ধে জয় এটা প্রমাণ করে দিয়েছে যে, এই দল ঠিক লক্ষ্যেই এগোচ্ছে।’ মেসি আরও বলেছেন, ‘আমাদের ফুটবল নিয়ে লোকে নানা ধরনের মন্তব্য করছেন। তাঁদের হয়তো এই খেলা ভালো লাগছে না। কিন্তু আমি বলব, কাউকে খুশি করতে গিয়ে নিজেদের ছন্দ নষ্ট করা নির্বুদ্ধিতা। মাঠের বাইরে কী হচ্ছে, তা সম্পূর্ণ ভুলে গিয়ে আমাদের চিন্তা করতে হবে কীভাবে চ্যাম্পিয়ন হতে পারি।’

তবে মেসি যা-ই বলুন না কেন, বাস্তবে আর্জেন্টিনা শিবিরের চিত্র কিন্তু একটু ভিন্ন প্রকৃতির। কেননা, এখনও ছন্দে ফেরেননি লাওতারো মার্টিনেজ। শেষ চার ম্যাচে দেশের জার্সিতে একটি গোলও করতে পারেননি ইন্টার মিলানের এই তারকা স্ট্রাইকার। তার ওপর সহজ সুযোগ নষ্ট করে দলের চিন্তা আরও বাড়িয়েছেন। ঘুরেফিরে সেই মেসির গোলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে দলকে।

এ নিয়ে কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘লাওতারোর কোথাও একটা সমস্যা তো হচ্ছেই। তবে ও এই দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার। তাই আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ওর ছন্দে ফেরার জন্য।’

এদিকে, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হয়তো শুরু থেকে খেলতে পারেন প্রাক্তন ম্যান সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। যাঁর সঙ্গে আর্জেন্টিনা কোচের সম্পর্ক মোটেও মধুর না হলেও মার্টিনেজের সাম্প্রতিক ব্যর্থতা তাঁকে বাধ্য করছে আগুয়েরোকে প্রথম একাদশে ফেরাতে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। যেটি হবে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচ। অন্যদিকে, বলিভিয়াকে হারানো প্যারাগুয়ের হবে এটি দ্বিতীয় ম্যাচ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com