বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।
খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮জন রোগীর মৃত্যু হয়েছে।
তিনি জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮জন যার মধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়েলো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
এই হাসপাতালে বাগেরহাট সদরের অমিত চক্রবর্তী (৩০), খুলনার লবনচরার আনোয়ারা বেগম (৫০), হরিণটানার কাজী সাইফুল হক (৫২), পাইকগাছার নজরুল ইসলাম (৭০) ও খুলনা সদরের সুচিত্রা রানী (৫৮) এবং উপসর্গ নিয়ে তিনজনসহ মোট আটজন মারা যান।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের রামপালের তিমির ঘোষ (৫০) নামের একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। হাসপাতালে সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৭০ জন।
অন্যদিকে, খুলনার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান।
তিনি জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন নয়জন আর এইচডিইউতে আছেন ১০ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের মোংলার চিলা বাজার কালীকাবাড়ীর বিপ্লব মণ্ডল (৩৫)।
এছাড়া গত ২৪ ঘণ্টা ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।